About
Guidebooks

আগামীর ফ্যাক্ট চেকিং কেমন হবে?

এক দশক আগের কথা। যখন আমি প্রথম বিশ্বব্যাপী ফ্যাক্ট-চেকিং কমিউনিটিতে যোগ দিই, শুরুতে একজন প্রতিষ্ঠাতা হিসেবে এবং পরে ‘ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক’ (IFCN)-এর পরিচালক হিসেবে টানা চার বছর কাজ করেছি।

তখন আমাদের লক্ষ্য ছিল পরিষ্কার; উদ্দেশ্য ছিল ভুয়া খবর বা মিসইনফরমেশন মোকাবিলার জন্য বিশ্বজুড়ে বাৎসরিক অডিটের মাধ্যমে যাচাইকৃত ফ্যাক্ট-চেকারদের একটি জোট তৈরি করা। কিছু সময়ের জন্য এই পরিকল্পনা বেশ ভালোভাবেই কাজ করেছিল। এই নেটওয়ার্ক বড় হয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফ্যাক্ট-চেকিংয়ে অর্থ বিনিয়োগ করেছে এবং জনলপ পরিসরে সত্য-মিথ্যা যাচাইয়ের বিষয়টি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল।

এরপর দুটি বড় ঘটনা ঘটে। কোভিড-১৯ মহামারি এবং ২০২০ সালের মার্কিন নির্বাচন ফ্যাক্ট-চেকিংকে বিশ্বমঞ্চের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। হঠাৎ করেই রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষাবিদ এবং পর্যবেক্ষকদের কাছে ‘ফ্যাক্ট-চেকিং’ একটি অতি পরিচিত শব্দে পরিণত হয়।

কিন্তু এই পরিচিতির সাথে সাথে নতুন চ্যালেঞ্জও হাজির হয়। ফ্যাক্ট-চেকাররা তাদের কাজের জন্য হয়রানি ও আক্রমণের শিকার হতে থাকেন। আর অনেকের জন্য সাংবাদিকতার এই অপরিহার্য অংশটিকে ‘সেন্সরশিপ’ বা কণ্ঠরোধ বলে চালিয়ে দেওয়া সুবিধাজনক এবং লাভজনক হয়ে দাঁড়ায়।

মেটা-র (ফেসবুক) নেতৃত্বে প্ল্যাটফর্মগুলো নির্বাচনের চ্যালেঞ্জ এবং উচ্চ-ঝুঁকিপূর্ণ বৈশ্বিক ঘটনাগুলো সামাল দিতে পেশাদার ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সাথে তাদের অংশীদারিত্ব বাড়াতে থাকে। এর মধ্যে ছিল সামরিক সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক অস্থিরতা এবং আর্থিক লাভের উদ্দেশ্যে ছড়ানো ভুয়া খবর। কারো কারো কাছে এই বিষয়গুলো তুচ্ছ মনে হতে পারে কিন্তু কোটি কোটি ব্যবহারকারী যারা বিভ্রান্তিকর ও ক্ষতিকর তথ্যে ভরা অনলাইন জগত পাড়ি দিচ্ছিলেন, তাদের জন্য এই উদ্যোগ ছিল অত্যন্ত জরুরি।

ভুয়া খবরের ধরন এখন বদলে গেছে, কিন্তু তা মোকাবিলার জন্য তৈরি ব্যবস্থাগুলো সেই তুলনায় পিছিয়ে পড়েছে। গবেষকরা ফ্যাক্ট-চেকিংয়ের কার্যকারিতা কঠোরভাবে যাচাই করেছেন। তারা এর প্রভাব স্বীকার করার পাশাপাশি এর গতি ও পরিধি নিয়ে সীমাবদ্ধতার কথাও তুলে ধরেছেন।

প্রশ্ন হলো ফ্যাক্ট-চেকিং কীভাবে যুগের সাথে তাল মিলিয়ে বদলাবে? পরবর্তী মডেলটি কি প্রযুক্তিনির্ভর, বড় পরিসরে কাজ করার উপযোগী এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর অনুদান বা দয়ার ওপর নির্ভর না করে আর্থিকভাবে টেকসই হতে পারবে?

আরো পড়ুন